২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা: পাঁচ আসামির বিচার শুরুর আদেশ

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এই মামলায় আসামিদের বিচার শুরুর জন্য বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম। মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম মামুন, আল আমীন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এর মধ্যে সেলিম পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের শুনানির সময় কাঠগড়ায় দাঁড়ানো চার আসামির পক্ষে আইনজীবী মো. সাইফুল ইসলাম খন্দকার পলাশ মামলা থেকে আসামিদের অব্যাহতি চান। শুনানি শেষে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন। এজলাসে আসামিপক্ষের আইনজীবী বলেন, “এ মামলার আসামিরা নির্দোষ। যারা আদালতে জবানবন্দি দিয়েছেন তারা কেউই এ ঘটনায় নিজেদের জড়িয়ে জবানবন্দি দেননি। তাদের ডাকাতির উদ্দেশ্য ছিল না, হত্যারও পূর্ব পরিকল্পনা ছিল না।” মামলার তদন্ত কর্মকর্তা প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন সাইফুল। কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিদের একজন বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের ওপর অভিযোগ চাপিয়ে দেয়া হয়েছে। আমরা কিছু জানি না।” গত ৫ মার্চ গুলশানে নিজের বাসার কাছে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। গুলশানের কূটনৈতিক এলাকায় রাস্তার পাশে তার বুলেটবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৫ জুলাই চারজনকে গ্রেপ্তার করা হয়। দণ্ডবিধির ৩৯৬ ধারায় দাখিল করা এই মামলায় গত ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক। আসামি আল আমীন বিচারকের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, সাইফুলসহ বাকি চারজন ওই রাতে খালাফকে ঘিরে ধরেন এবং তার কাছে ডলার চান। ডলার না দেয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যান। তদন্ত কর্মকর্তা এ কথাগুলোও অভিযোগপত্রে উল্লেখ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএইচ/জেকে/১৩০৩ ঘ.