নয়া দিল্লি, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আশা প্রকাশ করেছেন, তার উদ্যোগে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন মাত্রা পাবে।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সালমানকে অভিনন্দন জানিয়ে দীপু মনি বার্তা পাঠিয়েছেন বলে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
দীপু মনি বলেছেন, “আমরা ইতোমধ্যে পরস্পরের লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়েছি এবং আমি দৃঢ় আশাবাদী, আপনার ব্যক্তিগত উদ্যোগে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান শিগগিরই হবে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।”
এস এম কৃষ্ণার উত্তরসূরিকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন দীপু মনি।
মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় আইন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। গত রোববার মন্ত্রিসভার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তিনি।
সালমান ভারতের সাবেক প্রেসিডেন্ট জাকির হুসাইনের নাতি। সালমানের বাবা খুরশিদ আলম খানও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৯ ঘ.
bdnews24