ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখন ঘটনার পেছনে যারা ভূমিকা রেখেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।”
রামুর ঘটনার পিছনে দেশ ও দেশের বাইরে থেকে ‘উস্কানি’ ছিল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনার পেছনে নোঙরা রাজনীতি ও সাম্প্রদায়িক উস্কানি ছিল।”
দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করাই ওই হামলার মূল উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন তিনি।
হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি ঈদের আগেই তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে জানিয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “প্রতিবেদনে মোট ১১টি সুপারিশ এসেছে এবং সে অনুযায়ী কাজ চলছে।”
সুপারিশের উল্লেখযোগ্য দিকগুলো জানতে চাইলে তিনি বলেন, “সুপারিশ অনুযায়ী কাজ চলছে, জড়িতদের নাম আস্তে আস্তে জানতে পারবেন।”
বিদেশি দূতদের কাছে বিএনপির নিজেদের তদন্ত প্রতিবেদন দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশে সরকার নেই? রাষ্ট্র নেই? তারা তাদের কোন প্রভুদের কি দিয়েছে তা নিয়ে বলার কিছু নেই।”
রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা ঠেকানোর ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফলতি ছিল বলেও মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “এর কোনো কারণ নেই।”
তবে কিছু কিছু ক্ষেত্রে ‘প্রান্তিক ব্যত্যয় বা প্রশাসনিক ব্যত্যয়’ ঘটেছে বলে স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, “এসব ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবসতিতে হামলা হয়। সাতটি বৌদ্ধ মন্দির এবং প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। পরদিন টেকনাফ, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় একইভাবে হামলা হয়।
ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ সে সময় বলেছিলেন, মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ‘সময়মতো’ প্রতিবেদন প্রকাশ করা হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
পরে তিনি বলেন, রামুর ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেয়া এবং বৌদ্ধ উপসনালয় পুনর্র্নিমাণের বিষয়টি জাতিসংঘের প্রতিনিধিকে জানানো হয়েছে। তিনি সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা এবং সংস্থাটির সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24