রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কর্তব্যরত পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়।
মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টাঙানো ছাত্রলীগের ব্যানার ছেঁড়ার চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। ওই সময়ে প্রধান কর্তব্যরত পুলিশ তাদের বাধা দিলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখান থেকে সরে পরে।
এ ঘটনায় রাতেই রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকালে পাঁচ পুলিশকে বরখাস্তের নির্দেশ দেন।
তবে বরখাস্ত পুলিশ সদস্যদের নাম বলতে রাজি হননি মতিহার থানায় নবনিযুক্ত এ পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২২০ ঘ.
bdnews24