২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি শিক্ষার্থী ধর্ষিত, গ্রেপ্তার ৫ স্কুলছাত্র

পুলিশ বলছে, গ্রেপ্তার ৫ স্কুলছাত্রই ইয়াবা আসক্ত। পরিকল্পিতভাবেই ওই কিশোরীকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার পলিটেকনিক ইন্সটিটিউট এলাকায় এক পাহাড়ি ছাত্রী ধর্ষিত হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই স্কুলছাত্র এবং এর মধ্যে এক পাহাড়িও রয়েছেন। রোববার রাত ৮টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাহাড়ে ওই কিশোরীকে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর সোমবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পাঁচ স্কুলছাত্রকে আটক করে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আবদুল মান্নান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরী রোববার সন্ধ্যায় একই জাতিগোষ্ঠীর এক বন্ধুর সঙ্গে পলিটেকনিক এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়। রাত ১০টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। “ওই মেয়ের সঙ্গে ছেলেটিকেও পুলিশ হেফাজতে নিয়েছে। সে প্রথমে দাবি করেছিল, তাকে বেঁধে রেখে পাঁচ-ছয়জন বখাটে যুবক তার মেয়েটিকে ধর্ষণ করে। পরে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে।” ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই তরুণের স্বীকারোক্তির ভিত্তিতে অন্য চারজনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মান্নান জানান। গ্রেপ্তার পাঁচজনই নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তারা হলেন-পিয়াস চাকমা, সালমান হোসেন জয়, খালেদ, শাওন ও পিউল। পুলিশ কর্মকর্তা মান্নান বলেন, “এরা সবাই একে অপরের বন্ধু এবং ইয়াবা সেবনকারী। পরিকল্পিতভাবেই মেয়েটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।” ধর্ষিত কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনিও নগরীর একটি সরকারি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় খুলশী থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে, এই ধর্ষণের প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন। সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/২০৪৬ ঘ.