২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মইনুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি তালশহরে পৌঁছানোর পর এর ইঞ্জিন বিকাল হয়ে যায়। ফলে বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ দুটি রেলপথ বন্ধ থাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস তালশহর স্টেশনে, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভৈরবে, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুর লোকাল তালশহর স্টেশনে আটকা পড়ে। ঈদের এক দিন পর এই দুর্ঘটনার ফলে দুর্ভোগে পড়তে হয় ছুটি কাটিয়ে বাড়ি থেকে রাজধানীমুখো যাত্রীদের। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে নিলে পৌনে ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে মইনুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭০৭ ঘ.