২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আছড়ে মাহুতের হাত-পা ভাঙল সার্কাসের হাতি

মাহুতকে শুঁড়ে তুলে আছাড় দিয়ে তার হাত-পা ভেঙে ফেলেছে সার্কাস দলের এক হাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বাগেরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাহুতকে শুঁড়ে তুলে আছাড় দিয়ে তার হাত-পা ভেঙে ফেলেছে সার্কাস দলের এক হাতি। রোববার রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ার শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত মাহুত লিটন শেখকে (২৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফকির দিদারুল আলম জানান, পূজা ও ঈদ উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে ‘আনন্দ মেলার’ আয়োজন করা হয়েছে। মেলায় ঢাকার তেজগাঁও থেকে এসেছে ‘মহানগর সার্কাস দল’। রাত পৌনে ৯টার দিকে সার্কাস চলার সময় আকস্মিকভাবে একটি হাতি ক্ষিপ্ত হয়ে মাহুত লিটনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। মহানগর সার্কাসের মালিক তাপস দাস জানান, হাতিটি গত কিছুদিন ধরেই অসুস্থ। ফলে হাতি দিয়ে খেলা দেখানো সম্ভব হচ্ছিল না। রোববার রাতে হঠাৎ করে ক্ষেপে গিয়ে মাহুতের ওপর চড়াও হয় হাতিটি। রাতেই লিটনকে বাগেরহাট সদর হাসপাতালে এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি। বাগেরহাট সদর হাসাপাতালের আবাসিক চিকিৎসক মইন উদ্দিন মোল্লা জানান, লিটনের বাম পা ও বাম হাত ভেঙে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫৩৯ ঘ.