টাঙ্গাইল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ধনবাড়ীতে চারাভাঙ্গা সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ১২ জন নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা- জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- মাদারগঞ্জের এলাহি বাজারের নাসির (৩৫), গাবের গ্রামের কাজী মমিন (৪৫) ও ধনবাড়ীর বানিয়াজান গ্রামের রফিকুল (৪৫)।
ধনবাড়ী থানার ওসি মিজানুর রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা থেকে মাদারগঞ্জগামী বাসটি চারাভাঙ্গা সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায়।
বিকট শব্দ আর আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
স্থানীয় ইউপি সদস্য আব্বাস উদ্দিন জানান, বাসটি খালে পড়ে যাওয়ায় জানালা কেটে আহতদের উদ্ধার করা হয়। ওই সময়ই গাড়ির ভেতরে সাতটি লাশ পাওয়া যায়।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আরো দুই জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া ১২ জনের মধ্যে আরো তিনজন মারা যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩৩০ ঘ.
bdnews24