২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িযাত্রা ঈদের পরও

ঈদের আগের মতো না হলেও রাজধানী থেকে বাড়িমুখো মানুষের ভিড় দেখা গেল রোববার সদরঘাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের মতো না হলেও রাজধানী থেকে বাড়িমুখো মানুষের ভিড় দেখা গেল রোববার সদরঘাটে। ঈদের দুদিন পর বাড়ির পথে রওনা দেয়া এই মানুষগুলোর বেশিরভাগই গৃহকর্মী এবং বিভিন্ন দোকানের কর্মচারী। এদের অনেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা নিয়েই উঠেছেন লঞ্চে। হাতে মাংসের একটি ব্যাগ নিয়ে সদরঘাটে লঞ্চে ওঠার অপেক্ষায় থাকা বিলকিস বেগম গৃহকর্মীর কাজ করেন বলে জানালেন। “যাদের বাসায় কাজ করি, তারা মাংস দিল। ঈদের আগে গেলে তো আর মাংস পেতাম না। তাই পরে বাড়ি যাচ্ছি।” বিলকিসের সঙ্গে আরো কয়েকজন ছিলেন, যারা সবাই যাবেন বরিশালের মুলাদীতে। তাদেরও পরে বাড়ি যাওয়ার কারণ একই। নজরুল নামে এক যুবককে ঈদের পরদিন যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ইমামগঞ্জে মসলার দোকানে কাজ করেন। তাই আগে যেতে পারেননি।” বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর পরিদর্শক মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে ৩০টি লঞ্চ ছেড়ে গেছে। আরো ৩০টি যাওয়ার জন্য অপেক্ষা করছে। ঈদের দিনেও ৬৮টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায় বলে তিনি জানান। লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোব ও সোমবারও যাত্রী পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১৫ ঘ.