গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পরদিন নুহাশ পল্লীতে গরু কোরবানি দিয়েছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
রোববার দুপুরে শাওন তার পরিবারের সদস্যদের নিয়ে নূহাশ পল্লীতে এলাকাবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ ও হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।
নুহাশ পল্লীর ভাস্কর মো. আসাদ খান জানান, কোরবানির ষাঁড়টি বছর দুই আগে হুমাযূন আহমেদের ইচ্ছায় স্থানীয় ফুলবাড়িয়া বাজার থেকে ২০ হাজার টাকায় কেনা হয়েছিল।
প্রায়ত হুমায়ূন আহমেদ, তার বাবা ফয়েজ আহমেদ, মা আয়েশা ফয়েজ, ছেলে নিনিদ আহমেদ, নিষাদ আহমেদ, এবং মৃত কন্যা লীলাবতী আহমেদ ও পুত্র রাসেল আহমেদের নামে পশুটি কোরবানি দেয়া হয়।
এ সময় শাওনের সঙ্গে মা তহুরা আলী এমপি, বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ছেলে নিনিদ আহমেদ, নিষাদ আহমেদ, অন্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে গরু কোরবানি দেয়ার একমাত্র উদ্দেশ্য স্বামীর কাছাকাছি থাকার চেষ্টা। পৃথিবীতে যাদের আপনজন পরপারে চলে গেছেন, শুধু তারাই হারানোর ব্যাথা অনুভব করতে পারেন। যা মুখে বোঝানো যায় না।
শাওন ও পরিবারের অন্য সদস্যরা দুপুরে নুহাশ পল্লীতে পৌঁছেন। পরে সন্ধ্যায় তারা ঢাকা ফিরে যান।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ২৪ জুলাই তাকে নিজ হাতে গড়া গাজীপুর সদরের পিরুজালী গ্রামে নুহাশ পল্লীর লিচুবাগানে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০৪ ঘ.
bdnews24