নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল রোববার প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল।
উপজেলার পাঁচরুখী এলাকায় দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিকাল ৫টা থেকে ওই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিকালে নৌকাবাইচে পাঁচরুখী ও বান্টি গ্রামের দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বান্টি গ্রাম প্রথম হয়।
কিন্তু পাঁচরুখী গ্রামের লোকজন অভিযোগ করেন, নিয়ম ভঙ্গ করে বান্টি গ্রামের লোকজন বড় নৌকা নিয়ে এসেছিল। ফলে তারা বিজয়ী হয়েছে।
এ নিয়ে দুপক্ষ প্রথমে বাকবিতণ্ডা ও পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয় বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই গ্রামের কয়েক হাজার লোক পাঁচরুখী সেতু এলাকায় অবস্থান নিলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয়পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিক্ষুব্ধ লোকজন সড়কের পাশে ৪-৫টি দোকানও ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.
bdnews24