২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওদের ব্যস্ততা হাড় সংগ্রহে

হাড় ও শিং থেকে তৈরি হয় সার ও চিরুনি। তাই কোরবানির ঈদের পরদিন বেনাপোলে ছিন্নমূল অনেক শিশু নেমে পড়েছে আয়ের আশায়। আসাদুজ্জামানের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বেনাপোল (যশোর), অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদের পরদিনই বেনাপোলের ছিন্নমূল শিশুরা নেমে পড়েছে পশুর হাড় ও শিং সংগ্রহের কাজে, সকাল থেকে রাত অবধি প্রতিযোগিতা করে এসব হাড় সংগ্রহ দুটো পয়সার আশায়। হাড় ও শিং থেকে তৈরি হয় সার ও চিরুনি। ভারতে শিংয়ের তৈরি চিরুনির চাহিদা বেশ। আগে ভারতে হাড় ও শিং রপ্তানি হলেও এখন তা একেবারেই বন্ধ হয়ে গেছে। দেশেই এখন হাড় ও শিং থেকে নানা জিনিস তৈরি হচ্ছে। খুলনায় কয়েকটি কারখানাও তৈরি হয়েছে। এখানে ব্যবসায়ীরা ভারত থেকে বেশি দাম পাচ্ছে বলে জানান হাড় ব্যবসায়ী যশোরের ইউনিক এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাই। সীমান্তের এসব ছিন্নমূল শিশুরা শনিবার সারাদিন ব্যস্ত ছিল কোরবানির মাংস সংগ্রহে। রোববার সকাল থেকেই চটের বস্তা পিঠে নিয়ে নেমে পড়েছে রাস্তায়, ভাগাড় থেকে সংগ্রহ করছে পশুর ফেলে দেয়া হাড় ও শিং। ছিন্নমূল শিশু আকলিমা (১০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “হাড় কুথায় (কোথায়) যায় আমরা বলতি পারিনে, তবে খুলনার আজগার নামে একজন আমাদের কাছ থেকে হাড় ও শিং কিনে নিয়ে যায়। হাড় আট টাকা আর শিংয়ের দাম দেয় ১৫ টাকা কেজি।” এই শিশুরা জানায়, তারা সব সময়ই হাড় সংগ্রহ করে। তবে কোরবানির ঈদের সময়ই হাড় পাওয়া যায় বেশি। তাই ঈদের পর দুই-তিন দিন এই কাজ টানা করে যায় তারা। সারাদিন হাড় কুড়িয়ে একটি শিশু দুই থেকে তিনশ টাকা আয় করতে পারে। ছয় মাস আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৫/৬ ট্রাক হাড় ভারতে রফতানি হত। ব্যবসায়ীরা ওদেশে দাম না পাওয়ায় রপ্তানি কমিয়ে দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মশিয়ার রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৪৫ ঘ.