২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরু গলিতে বর্জ্য থাকলে জানান’

সরু গলিতে বর্জ্য অপসারণের কাজ এখনো শুরু হয়নি- অভিযোগ পাওয়ার পর এই আহ্বান নগর কর্তৃপক্ষের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশুর বর্জ্য অপসারণে কর্মীদের ছুটি বাতিল করে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন কাজ করে গেলেও সরু গলিতে এখনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১টার দিকে প্রশাসক মো. জিল্লার রহমানের উপস্থিতিতে রাজধানীর নয়াবাজার এলাকা থেকে বর্জ্য অপাসরণ শুরু করে ডিএসসিসি। ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করার আশা করছেন তারা। রোববার কাজের অগ্রগতি জানতে চাইলে জিল্লার রহমান বলেন, “প্রায় সাত হাজার পরিচ্ছন্ন কর্মী অনবরত কাজ করে যাচ্ছে। আগামীকালের মধ্যেই কোরবানির পশু জবাইয়ের সব বর্জ্য রাস্তা থেকে অপসারণ করা হবে।” অবশ্য কোনো কোনো এলাকায় এখনো বর্জ্য অপসারণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। লালবাগ পোস্তা এলাকা থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোন করে জানান, তাদের কাজি রিয়াজ উদ্দিন রোডে কোরবানি পশু জবাইয়ের বর্জ্য রয়ে গেছে। সিটি করপোরেশনের কোন লোক এখনো সেখানে যায়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসক জিল্লার বলেন, “সরু গলির মধ্যে বর্জ্য থেকে থাকতে পারে। আমাদের জানালেই কর্মীরা সেখানে চলে যাবে।” তিনি সিটি করপোরেশনের ০২-৯০০৪৭৩৪- এই ফোন নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৪১ ঘ.