২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় বর্জ্য সাফ করবে কেসিসি

২৪ ঘণ্টার মধ্যে নগরীর কোরবানির পশুর সব বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

খুলনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ ঘণ্টার মধ্যে নগরীর কোরবানির পশুর সব বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতিও নিয়েছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে কেসিসির কনজারভেন্সি বিভাগের ৫৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ এবং বর্জ্য অপসারণের জন্য ৩৫টি ট্রাক প্রস্তুত রয়েছে। এছাড়া দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীকে সচেতন করতে বিতরণ করা হয়েছে ২০ হাজার লিফলেট। কেসিসির ভারপ্রাপ্ত কনজারভেন্সি অফিসার এস কে তাছাদুজ্জামান জানান, এ লক্ষ্যে ঈদের আগের দিন থেকে কনজারভেন্সি বিভাগ কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, ঈদের দিন দুপুর থেকেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে সেই স্থানে ব্লিচিং পাউডার এবং নগরীর প্রধান সড়কগুলোয় স্যাভলন মেশানো পানি ছিটানো শুরু হয়। ২৪ ঘণ্টার মধ্যে নগরীর কোরবানির পশুর সব বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, কনজারভেন্সি বিভাগের ৫৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিলের পাশাপাশি অতিরিক্ত ৩৫ জন শ্রমিককে দৈনিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। কেসিসির ৩৫টি বর্জ্যবাহী ট্রাক ছাড়াও স্যাভলন মেশানো পানি পরিবহনে ৭টি গাড়ি নিয়োজিত আছে। বর্জ্য অপসারণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকে গঠন করা হয়েছে ১১ সদস্যদের একটি দল। তাৎক্ষণিক সহায়তা দিতে কনজারভেন্সি বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টাই খোলা থাকবে। এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, জবাইকৃত পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীরা শনিবার দুপুর থেকেই কাজ শুরুকরেছে। ২৪ ঘন্টার মধ্যেই নগরী থেকে পশুর বর্জ্য অপসারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৫৬ ঘ.