ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটচল্লিশ ঘণ্টার মধ্যে নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ।
শনিবার দুপুর ১টার দিকে প্রশাসক মো. জিল্লাল রহমানের উপস্থিতিতে রাজধানীর নয়াবাজার এলাকা থেকে বর্জ্য অপাসরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ সময় তিনি বলেন, “আশা করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে পারব।”
এরই মধ্যে রাজধানীবাসীর অসুবিধার কথা চিন্তা করে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে ডিএসসিসি।
এ কাজে নিয়োজিত রয়েছেন ডিএসসিসির নিয়মিত ৫১০০ জন পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে অতিরিক্ত আরো দুই হাজার কর্মী। এ ছাড়া জবাইকৃত পশুর বর্জ্য সংরক্ষণে ষাট হাজার পরিবেশবান্ধব পলিব্যাগ বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
বর্জ্য সংগ্রহ কাজে গতিশীলতা আনতে ৬শ’ ভ্যানের পাশাপাশি ৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ২৫টি ডাম্পার, ৪টি ট্রেইলর, ২টি প্রাইম মোভার ও ১০টি পানির গাড়ি মাঠে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫০৯ ঘ.
bdnews24