২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাত

প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। লাখো মুসুল্লির অংশগ্রহণে নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। লাখো মুসুল্লির অংশগ্রহণে নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শনিবার সকাল ৯টায় এ মাঠে ঈদুল আজহার জামাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার এই মাঠে ১৮৫তম ঈদ জামাত হলো। এই জামাতে অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগের দিন রাতেই কিশোরগঞ্জে আসেন নামাজে অংশ নিতে। বিশাল এই মাঠে রয়েছে ২৬৫টি কাতার। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি দাঁড়াতে পারেন। সেই সঙ্গে মাঠের বাইরে আশে পাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেয়া মুসুল্লি মিলিয়ে এই সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন ময়মনসিংহ ও ভৈবর থেকে ভোর বেলায় ছেড়ে আসে। মাঠ ও আশপাশের এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। স্থানীয় গবেষকদের ভাষ্যমতে, ১৮২৮ সনে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে তা পরিণত হয়েছে আজকের নাম শোলাকিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১০৮ ঘ.