নড়াইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে ভিজিএফ এর চাল আত্মসাতের দায়ে এক ইউপি চেয়ারম্যানকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত।
সন্ধ্যায় নড়াইলের আমলী আদালত সদর উপজেলার ৫ নম্বর শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল হক নান্নু (৫৭) সহ পাঁচজনকে জেলে পাঠানোর এ আদেশ দেয়।
আটক অন্যরা হলেন- ইউপি চৌকিদার তৈয়েবুর রহমান (৩৫), শাহাজাহান (৩২), বিপদ বিশ্বাস (৪০) ও মুকুল সরদার (২৮)।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নান্নু দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শেষে ৭৯ কেজি চাল চৌকিদারের মাধ্যমে বিক্রির জন্য আলোকদিয়া বাজারে নিয়ে যান।
এলাকবাসী বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে ফেলে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আব্দুল সাদীকে খবর পাঠান। পরে ইউএনও এসে রাত সাড়ে ১০টায় পাঁচজনকে গ্রেপ্তার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৫১ ঘ.
bdnews24