ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শনিবার ঈদ সামনে রেখে এক বাণীতে তিনি বলেন, “আনুগত্য, ত্যাগ ও তাওহীদের চেতনায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর অভিপ্রায় বাস্তবায়নে হযরত ইব্রাহীম (আ.) যে গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগ ও সীমাহীন ভক্তি প্রদর্শন করেছেন তা-অতুলনীয়।”
তিনি ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ প্রাত্যহিক জীবনে অনুসরণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত করে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রপতি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদুল আজহা সকলের জন্য অপরিমেয় কল্যাণ বয়ে আনুক।”
প্রতিবারের মতো এবারো ঈদের সকালে বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।
সকাল ১০টায় তিনি কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর বেলা ১১টা থেকে শুভেচ্ছা বিনিময় করবেন সর্বস্তরের নাগরিরকদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০৯ ঘ.
bdnews24