২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির শিক্ষায় বৈষম্য ঘোঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঈদ সামনে রেখে এক বাণীতে তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।” ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, কোরবানীর তাৎপর্য স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।” “এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কোরবানীর পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে প্রকারান্তরে সকলের মধ্যে সমতা প্রতিবিধান এবং সহমর্মিতার অনুশীলন করে থাকেন”, বলেন শেখ হাসিনা। তিনি ঈদুল আজহার মর্মবাণী ‘অন্তরে ধারণ করে’ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রতিবারের মতো এবারো ঈদের সকালে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী ঈদুল আযহার দিন সকাল সাড়ে ন’টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর, তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া বিচারপতি এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সকাল ১১টায় ঈদের শুছেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০৫ ঘ.