ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আরমানীটোলা গরুর হাটে গরু বিক্রি করতে এসে প্রতারকদের পাল্লায় পড়েছেন ১১ গরু ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত এই প্রতারকদের দেয়া ‘ওষুধ’ মেশানো খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন এই ব্যবসায়ীরা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ জনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- সাগর, সাইদুল, সাজরুল, আজাহার ও আফসার।
তাদের হাসপাতালে নিয়ে আসা আরেক গরু ব্যবসায়ী রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অজ্ঞানপার্টির’ সদস্যরা রান্না করা ডালের সঙ্গে কৌশলে ‘ওষুধ’ মিশিয়ে দিলে। তা খেয়েই সবাই অচেতন হয়ে পড়েন।
তিনি বলেন, গত সোমবার ১৪টি গরু নিয়ে তারা নাটোর থেকে আসেন। ইতোমধ্যে ১১ গরু বিক্রি হয়ে গেছে।
বংশাল থানার পরিদর্শক মো. আবুল বাশার জানান, ওই ব্যবসায়ীদের সঙ্গে ১১টি গরু বিক্রির টাকা থাকলেও ‘অজ্ঞানপার্টির’ লোকেরা তা নেয়ার সুযোগ পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩১৫ ঘ.
bdnews24