আরবের সঙ্গে মিল রেখে শতাধিক গ্রামে ঈদঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, শরীয়তপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালীসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামের বাসিন্দারা শুক্রবার ঈদ-উল-আজহা উদযাপন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে শনিবার ঈদ উল আজহা। তবে এসব গ্রামের বিভিন্ন পীরের অনুসারীরা বরাবরই রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে।
বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর
এ জেলার পাঁচটি উপজেলার ৪০টি গ্রামের বাসিন্দারা হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারী।
সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই জানান, শুক্রবার সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের জামায়াত হয়। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যাহ।
একই সময় ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর দরগাহ মসজিদ প্রাঙ্গণেও ঈদের জামাত হয়। এতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম।
নামাজ শেষে এসব গ্রামে পশু কোরবানি দিতে দেখা যায় সাদ্রা দরবার শরীফের অনুসারীদের।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর; ফরিদগঞ্জ উপজেলার বাসারা, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল¬া, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার আরো কয়েকটি গ্রামের মানুষ শুক্রবার ঈদ উদযাপন করেছেন।
শরীয়তপুর
জেলার ৩০টি গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরাও শুক্রবার ঈদ উদযাপন করেছেন।
সুরেশ্বর পীরের দরবার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ বেলাল নুরী বলেন, শরীয়তপুর জেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছেন।
সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদুল আজহার জামাত হয় বলেও তিনি জানান।
নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, চন্দ্রপুর, ভুমখারা, ভোজেশ্বর; জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি; সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, দাসাত্বা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া; ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।
পটুয়াখালী
এ জেলার ২৫ গ্রামের ৩০ হাজার মুসুল্লি বদরপুর দরবার শরীফের অনুসারী। তারা বরাবরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত হয়।
সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মোহাম্মদ নাজমুস শাহাদৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা ঈদ ও কোরবানী পালন করে আসছে।
কলাপাড়া উপজেলার সংবাদকর্মী মেজবাহ উদ্দিন মাননু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির পীরের অনুসারী হিসাবে পরিচিত।
এই ২৫ গ্রামের মধ্যে রয়েছে সদর উপজেলার বদরপুর, ছোট বিঘাই, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, বীরপাশা, কাটা বহরিয়া, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।
ভোলা
জেলার পাঁচ উপজেলার ছয়টি ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় তিন হাজার লোক ঈদ উদযাপন করেছেন শুক্রবার।
সুরেশ্বর পীর ও সাতকানিয়া পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারীরা পৃথকভাবে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় বরাবরই একদিন আগে ঈদ পালন করেন।
সুরেশ্বর দরবারের মুরিদ ও বোরহানউদ্দিনের বাসিন্দা মো. মজনু মিয়া জানান, শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামে তার বাড়ির সামনে ঈদের জামাত হয়। সেখানে কয়েকশ মানুষ জামাতে শরিক হন।
এছাড়া পর্যায়ক্রমে সকাল সাড়ে ৯টায় চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত হয়।
বরগুনা
এ জেলার ৭ গ্রামের আড়াই হাজার মুসুল্লি শুক্রবার ঈদ উদযাপন করেছেন। তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী ও আহমদিয়া স¤প্রদায়ের অনুসারী।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৮টায় বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহ-সাবের বাড়ি ও কুকুয়ায় ঈদের নামাজ হয়।
সদর উপজেলার সদর ইউনিয়নের গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মুসুল্লিরা এসব জামাতে নামাজ আদায় করেন।
নারায়ণগঞ্জ
জেলার ফতুল্লায় শাহ্ সুফী মতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিয়া কাদেরিয়া চিশতিয়া তরিকার’ অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করেছেন।
সকাল ১০টায় লামাপাড়ায় ঈদের নামাজ আদায় করেন তারা।
গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকেও এই মতের অনুসারী দুই শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে আসেন। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।
ঈদের জামাতে ইমামতি করেন পটুয়াখালী জেলার রাঙাবালী মমতাজিয়া মাদ্রাসার সুপার মুফতি মাওলানা ইকবাল হোসাইন।
লক্ষ্মীপুর
প্রতিবছরের মতো এবারো লক্ষ্মীপুরের ৮ গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া ও রায়পুর উপজেলার কলাকোপা সদর উপজেলার বশিকপুর, পূর্ব পাঁচপাড়া ও মহাদেবপুর গ্রামসহ ৮টি গ্রামের ৫ শতাধিক মানুষ নিজেদের ঈদগাহে নামাজ আদায় করেন।
প্রধান জামায়ত হয় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে সকাল ১০টায়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ।
দিনাজপুর
আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েকটি স্থানেও শুক্রবার ইদ উদযাপিত হয়।
সকাল ৮টায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গনে ঈদের নামাজ হয়। এতে ঈমামতি করেন মাওলানা হাবিবুর রহমান। দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দেড়শ মুসল্লী জামাতে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরআন হাদিস মতে কোনো এক মহরম মাসের ১০ তারিখ শুক্রবার কেয়ামত হবে। সেই কেয়ামত তো সৌদী আরবের একদিন পর বাংলাদেশে হবে না। আমরা সৌদিআরবের সঙ্গে রোজা শুরু করি, একই সঙ্গে ঈদ করি।”
এদিন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নসরতপুর ও সাইতাড়া, কাহারোল উপজেলার মুকুন্দপুর ও রসুলপুর এলাকাতেও ঈদ উদযাপিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/সিএস/এইচএ/০০৪৩ ঘ.
bdnews24