২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর বাতিল করলেন দীপু মনি

পররাষ্ট্র সচিব আইওর-এআরসির মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে নয়া দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:40 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি ব্লকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। নয়া দিল্লির অদূরে গুরগাঁওয়ে আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (আইওআর-এআরসি) এর মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৯ টি দেশের এই ব্লকের দ্বাদশ মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে দীপু মনির বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা থাকলেও তার নয়া দিল্লি সফর বাতিল করা হয়েছে। নয়া দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এটি নিশ্চিত করছে যে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইওআর-এআরসি’র মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে দীপু মনির দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও ধারণা করা হয়েছিল। গত বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে এই ব্লকের একাদশ বৈঠকে ১৫ বছরের এই সংস্থার চেয়ারম্যানশিপের দায়িত্ব গ্রহণ করে ভারত। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দীপু মনি। এবার ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এই ব্লকের দ্বাদশ বৈঠক হতে যাচ্ছে। এমন এক সময়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার ভারত সফর বাতিল করলেন যখন নয়া দিল্লির কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের সঙ্গে ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সম্পর্কের গতিতে কিছুটা ভাটা পড়েছে বলে ধারণা করা হয়। বিশেষত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থা এবং ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও গত বছর এর ওপর সই হওয়া প্রটোকল অনু সমর্থনে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এমনটা হয়েছে বলে ধারণা করা হয়। এদিকে, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী রোববার নয়া দিল্লি সফরে যাচ্ছেন। আজমীর শরিফ জিয়ারত ছাড়াও তিনি নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও তিনি বৈঠকে মিলিত হতে পারেন। নয়া দিল্লির কূটনৈতিক সূত্রগুলো অবশ্য বলছে, শরীর ভালো না থাকায় দীপু মনি ভারত সফর বাতিল করেছেন। নয়া দিল্লি-ঢাকা সম্পর্কে টানাপড়েনের সঙ্গে দীপু মনির এই সফর বাতিলের কোনো যোগাসূত্র আছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তারা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ছাড়াও ইরান, কেনিয়া, মাদাগাস্কার, ওমান, সেশেল, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া ও ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আইওআর-এআরসির ওই বৈঠকে যোগ দেবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পারিক সহযোগিতার একটি পদক্ষেপ হিসেবে আইওআর-এআরসির জন্ম হয়। এ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে মরিশাসে এর প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই ব্লকের সদস্য সংখ্যা ১৯। সদস্যরা হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালয়েশিয়া, মাদাগাস্কার, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেল, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। এছাড়া এর আরো পাঁচটি ‘সংলাপ অংশীদার’ রয়েছে। সেগুলো হলো- চীন, মিশর, ফ্রান্স, জাপান ও যুক্তরাষ্ট্র। আর পর্যবেক্ষক হিসেবে রয়েছে- ইন্ডিয়ান ওসান রিসার্চ গ্রুপ (আইওআরজে) ও ইন্ডিয়ান ওস্যান ট্যুরিজম অর্গানাইজেশন (আইওটিও)। যুক্তরাষ্ট্র ‘সংলাপ অংশীদার’ হিসেবে এই ব্লকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/০০৩৪ ঘ.