চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এবার ২৩১ স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
কনিবার নগরীতে প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।
ঈদের দিন সকাল ৮টায় প্রথম জামাত এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।
ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি।
নগরীতে এবার মোট ২৩৩ টি জামাত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ১৪০ টি অনুষ্ঠিত হবে সিসিসি’র অধীনে আর ৯৩টি কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির অধীনে।
সিসিসি’র তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।
একইস্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র জ্যেষ্ঠ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।
সকাল সাড়ে ৮টায় লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে লালদীঘি জামে মসজিদের ঈদ জামাত। এতে ইমামতি করবেন মসজিদের খতিব গোলাম মোস্তফা মো. নুরুন্নবী।
এদিকে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে।
পটিয়া আল জামিয়া মাদ্রাসার মুফতি হাফেজ আহমেদ উল্লাহ এতে ইমামতি করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. মো. করিম।
এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে সিসিসি কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২১০৯ ঘ.
bdnews24