চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করায় সীতাকু-ের সাত শিপব্রেকিং ইয়ার্ডকে প্রায় ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এর মধ্যে একটি ইয়ার্ড বন্ধ করার নির্দেশও দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বৃহস্পতিবার শুনানি শেষে এই সাত ইয়ার্ডকে ৩৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।
গত মঙ্গলবার অধিদপ্তরের একটি দল সীতাকু-ের জোড় আমতল, জাহানাবাদ, সোনাইছড়ি ও ভাটিয়ারি এলাকায় অভিযান চালায়।
বৃহস্পতিবার বিকালে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়া ইয়ার্ড পরিচালনা এবং ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে ইয়ার্ডে কাজ করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে।
আগামী ১ নভেম্বরের মধ্যে তাদেরকে জরিমানার সব অর্থ পরিশোধের নির্দেশও দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সাতটি ইয়ার্ডের মধ্যে জাহানাবাদের মামুন স্টিলসকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
সীতাকু-ের জোড় আমতল এলাকার ইউনাইটেড শিপ রিসাইক্লিংকে সাড়ে ছয় লাখ টাকা, জাহানাবাদের সীমা স্টিলকে সাত লাখ, একই এলাকার মামুন স্টিলসকে সাড়ে পাঁচ লাখ, মধ্য সোনাইছড়ির মাহিন এন্টারপ্রাইজকে তিন লাখ ৩০ হাজার, আল ছাফা স্টিল মিলসকে সাড়ে তিন লাখ, কেএসবি স্টিলসকে আড়াই লাখ এবং ভাটিয়ারির সাঈদ স্টিলসকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
মহাপরিচালক আরো জানান, মামুন স্টিলস নামের শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল। এই ইয়ার্ডটি বন্ধ করার নোটিশ দেয়ার পাশাপাশি পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24