ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতময় পরিস্থিতিতে লিবিয়ার বনি ওয়ালিদ থেকে দুই শতাধিক বাংলাদেশি শ্রমিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ত্রিপোলি দূতাবাসের কর্মকর্তারা সংঘাতময় এলাকায় গিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে।”
লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগতদের হটাতে গত আট দিন ধরে বনি ওয়ালিদে অভিযান চালাচ্ছে লিবিয়ার নিরাপত্তা বাহিনী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, প্রায় ২০ থেকে ৩০ জন বাংলাদেশিকে বাংলাদেশ দূতাবাসে আশ্রয় দেয়া হয়েছে এবং ৭০ জনের মতো বাংলাদেশি তাদের মালিকের আশ্রয়ে রয়েছেন। বাকি শ্রমিকরা তাদের আত্মীয় বা বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছেন।
এর আগে গত বছরের মার্চে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর সেখান থেকে প্রায় ৪০ হাজার বাংলাদেশি শ্রমিককে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর গত নয় মাসে আবার ১৪ হাজারের বেশি বাংলাদেশি সেখানে কাজের জন্য গিয়েছে।
এদিকে মঙ্গলবার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বনি ওয়ালিদে কর্মরত ৬০ জন শ্রমিককে তারা তারহুনা শহরে তাদের আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের বেশিরভাগ বাংলাদেশি ও ভারতীয়।
বনি ওয়ালিদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতা শুরুর পর মানবিক ত্রাণ সহায়তা দেয়ার জন্য গত ২২ অক্টোবর তারহুনায় আশ্রয় শিবির খোলে রেডক্রস।
আইসিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরটিতে সহিংসতা শুরুর পর কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির কর্মী ও লিবীয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা গৃহহীণ এসব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা রেড-ক্রসের কর্মকর্তা আসমা খালিক আওয়ান বলেন, “মূলত অরবান ও টেমেসলা দিয়ে মরুভূমি বেষ্টিত শহর বনি ওয়ালিদ ছেড়ে পালাচ্ছে মানুষ। অবশ্য আরো কয়েকটি রুট দিয়ে তারা এ শহর ছাড়ছে বলে আমরা জেনেছি।”
“এই মুহূর্তে আমরা উদ্বাস্তু মানুষের সঠিক সংখ্যা বলতে পারব না। অনেকে ত্রিপোলি যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে বাড়ির কাছাকাছি ওই এলাকার কোথাও আশ্রয় খুঁজছেন। নারী ও শিশুরাই বেশি শহর ছাড়ছেন। পরিস্থিতি খুবই নাজুক। জরুরিভাবে এসব মানুষের খাবার, পানি ও অন্যান্য জরুরি সামগ্রী প্রয়োজন।”
বনি ওয়ালিদের পরিস্থিতি নিয়ে লিবিয়ায় আইসিআরসির প্রতিনিধি দলের প্রধান ইশফাক মুহাম্মদ খান বলেন, “জনবহুল এলাকাগুলোতে সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি চরম বিপজ্জনক আকার ধারণ করেছে।”
বনি ওয়ালিদে সংঘর্ষ শুরু হওয়ার পর গত ১০ ও ১৯ অক্টোবর আইসিআরসির প্রতিনিধিরা বনি ওয়ালিদে কাজ শুরু করেন।
ন্যাটোর বিমান হামলা এবং লিবিয়ার ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের আক্রমণের মুখে গত বছর অগাস্টে গাদ্দাফি ও তার অনুগতরা ত্রিপোলি থেকে পালিয়ে গেলেও পরের দুই মাস বনি ওয়ালিদ ও সিরতে শহর তাদের নিয়ন্ত্রণে ছিল। ওই বছর ২০ অক্টোবর গাদ্দাফি নিহত হওয়ার পর এই দুটি শহরের দখল নেয় এনটিসির সদস্যরা।
গত জানুয়ারিতে বনি ওয়ালিদ নিজেদের দখলে নেয় গাদ্দাফি অনুগতরা। তবে গত আটদিনের অভিযানের পর বুধবার লিবিয়ার নিরাপত্তা বাহিনী ফের শহরটি নিজেদের দখলে নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/২০৪৩ ঘ.
bdnews24