ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরের জন্য ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি অত্যাধুনিক সাইলো নির্মাণ করতে যাচ্ছে সরকার।
মংলা বন্দরের ভাটি এলাকায় বন্দর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে জয়মনিরঘোলে এ সাইলো নির্মাণ করা হবে। জাপান ঋণ-মওকুফ তহবিল (জেডিসিএফ) এতে অর্থ সহায়তা দিচ্ছে।
প্রকল্পটির জন্য সার্বিক ব্যয় বরাদ্দ ৫৩৬ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে সাইলো নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৪৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা। জেডিসিএফ তহবিল থেকে দেওয়া হবে ২০০ কোটি টাকা। বাকি অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার।
সাইলোটি নির্মাণের কাজ পেয়েছে বাংলাদেশের তমা কনস্ট্রাকশন এবং ভিয়েতনামের এশিয়া সিøপফর্ম করপোরেশনের সমন্বয়ে গঠিত যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান।
এজন্য খাদ্য অধিদপ্তর ও সংস্থাটির মধ্যে বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তিতে সই করেন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক গাজীউর রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ভিয়েতনামের এশিয়া সিøপফর্ম করপোরেশনের হো দাই মিন ও তমা কনস্ট্রাকশনের আতাউর রহমান ভুঁইয়া।
এ সময় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত খাদ্যসচিব মোশফেকা ইকফাৎ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তাকাও তোদা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের কাজ ২০১৪ সালের জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, মংলা বন্দরের ১৭ কিলোমিটার ভাটিতে জয়মনিরঘোলে নির্মাণাধীন এ সাইলোর জন্য ৩০টি সাইলো-বিন নির্মাণ ছাড়াও সমুদ্রগামী বিদেশী জাহাজ থেকে খাদ্যশস্য বিশেষ করে গম খালাসের উদ্দেশ্যে পশুর চ্যানেলের পূর্ব তীরে অত্যাধুনিক জেটি টার্মিনাল নির্মাণ করা হবে।
প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে- যন্ত্রপাতি স্থাপনের জন্য ৭৫ মিটার উচ্চতার হেড হাউজ, ১২৫ মিটার সংযোগ সেতু, ২৫০ মিটার জেটি টার্মিনাল, কনভেয়র ব্রীজ, অফিস ভবন, পরিদর্শন বাংলো, স্টাফ কোর্য়াটার ইত্যাদি নির্মাণ।
এছাড়া খাদ্যশস্য খালাসের জন্য নিউমেটিক আনলোডার, শিপলোডার ও অন্যান্য বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি সংগ্রহ ও স্থাপন করা হবে।
এ সাইলো নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে দীর্ঘ মেয়াদী টেকসই খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে এ এলাকার খাদ্য ঘাটতি কমিয়ে আনাসহ দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়া এটি দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খাদ্যশস্য বিতরণ ব্যবস্থা শক্তিশালী করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মংলা বন্দরে দ্রুত খাদ্যশস্য খালাস ছাড়াও খালাস এবং বিতরণের সময় সঠিক ওজন নিশ্চিত করণের মাধ্যমে চুরি ও অপচয় কমিয়ে আনা সম্ভব হবে।
নির্মাণাধীণ এই অত্যাধুনিক সাইলোতে কীটনাশক ছাড়া মানসম্মতভাবে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫৩ ঘ.
bdnews24