চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে প্রতারকদের খপ্পরে পড়ে ১৮ লাখ টাকা খুইয়েছেন সাত ব্যবসায়ী।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চাঁদগাও থানার এক কিলোমিটার এলাকায় গরুর হাটে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদীন জানান, ওই প্রতারক দলের সদস্যদের দেয়া নেশা জাতীয় খাবার খেয়ে অসুস্থ দুই ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মো. মঈনুল (৩০) এবং নাটোরের বাড়ইগ্রামের মো. রফিকুল হককে (৫০) ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঈনুলকে হাসপাতালে আনা গরু ব্যবসায়ী মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঈনুলসহ ছয়জন গরু ব্যবসায়ী এক সঙ্গে ২২টি গরু নিয়ে চট্টগ্রাম আসে। এর মধ্যে প্রায় ১০ টি গরু বিক্রি হয়।
বুধবার রাত ১১টার দিকে ক্রেতা সেজে কিছু লোক মঈনুলের সাথে কথা বলতে এসে রান্না করার সময় ভাতের সাথে নেশাদ্রব্য মিশিয়ে দেয়।
ভাত খাওয়ার পর গরু ব্যবসায়ীরা ঘুমিয়ে পড়লে মঈনুলকে গরু কেনার কথা বলে হাটের বাইরে নিয়ে যায় ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা।
এ সময় তারা মঈনুলের কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে রাস্তার পাশে নালায় ফেলে দেয়। ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদ রানা জানান, প্রতারকরা তাদের কাছ থেকে মোট ১২ লাখ টাকা নিয়ে গেছে।
রাত সোয়া তিনটার দিকে অরেক গরু ব্যবসায়ী রফিকুলকে হাসপাতালে আনা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদীন জানান।
তিনি জানান, ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা রফিকুলের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে তাকে হাসপাতালে আনা ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৫৩৭ ঘ.
bdnews24