ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়ি ফেরার পথে দুর্ভোগের কবলে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরার সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ক্ষমা প্রার্থনা করেন মন্ত্রী।
রাস্তাঘাটের সমস্যার জন্য যানজট হচ্ছে না বলে দাবি করে যোগাযোগমন্ত্রী মহাসড়কের যানজটের জন্য ৮টি কারণ চিহ্নিত করেন।
যানজটের জন্য যাত্রীর তুলনায় যানবাহনের সক্ষমতা কম, সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট, মহাসড়কে ‘আনফিট’ যানবাহন বিকল হয়ে যাওয়া এবং গরু পরিবহণকারী ট্রাকগুলোর ধীরে চলাচল, চালকদের বিপরীত লেনে গাড়ি চালানো, মাওয়া ঘাটের জন্য পাটুরিয়ায় চাপ বৃদ্ধি, টঙ্গাইল সড়কে (মির্জাপুরে) লেভেল ক্রসিং এবং ঢাকা শহরের লেভেল ক্রসিংকে দায়ী করেন যোগাযোগমন্ত্রী।
যানজট নিরসনে জেলা পরিষদ, পুলিশ ও র্যাব একযোগে কাজ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “তাদের চেষ্টা ও আন্তরিকতার অভাব ছিল না। সংশ্লিষ্টরা দায়িত্ব অবহেলা করেছে এমনিও দেখা যায়নি।”
বর্তমানে কোনো মহাসড়কে বেহাল নেই দাবি করে আগামী এপ্রিলের মধ্যে দেশের সব সড়ক যান চলাচলের উপযোগী করে তোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পরিবহন খাতে চাঁদাবাজি রাতারাতি নির্মূল করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজি কমে এসেছে তবে চাঁদাবাজি অনেকের অস্থিমজ্জায় মিশে গেছে, তাই পুরোপুরি নির্মুল করা যাচ্ছে না।
চলতি অর্থ বছরের শেষের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা হবে বলে যোগাযোগমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪০৯ ঘ.
bdnews24