২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস দুর্ঘটনা: গ্রিনলাইনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

সিলেটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা ইফতেখারের নিহতের ঘটনায় গ্রিনলাইন পরিবহনের বিরুদ্ধে ১৩ কোটি ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দু’টি মামলা করেছে তার স্বজনেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

সিলেট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা ইফতেখারের নিহতের ঘটনায় গ্রিনলাইন পরিবহনের বিরুদ্ধে ১৩ কোটি ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দু’টি মামলা করেছে তার স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালতে মামলা দু’টি করা হয়। বাদিপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, গত ১১ মে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের তেরমাইলে দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীমসহ আটজন নিহত হওয়ার ঘটনায় করা মামলা দু’টি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ইফতেখারের স্ত্রী নাজনীন হোসেন একটি এবং মেয়ে শেহজিন ওয়াজিহা হোসেন, ছেলে ইনতেখাব হোসেন ও ইশরাত হোসেন বাদি হয়ে অপর মামলাটি করেন। মামলায় গ্রিনলাইন পরিবহনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিলেট অঞ্চলের প্রধানসহ ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ মে গ্রিনলাইন পরিবহনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ইফতেখার নিহত হওয়ায় তার পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার বাদি নাজনীন হোসেন বলেন, ওই দুর্ঘটনায় তিনি ও তার মেয়ে শেহজিন মারাত্মক আহত হন। ফলে তিনি পাঁচ মাস ধরে পঙ্গুত্ব বরণ করে রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে ট্রাফিক আইনকে দুর্বল আখ্যায়িত করে এ আইনকে আরো কঠোর করার দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩৫৭ ঘ.