২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে হত্যার হুমকি: রাজধানীতে ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার বিচারককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার বিচারককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে হাফিজুর রহমান (৪৫) ও তার স্ত্রী হোসনে আরাকে (৩৬) গ্রেপ্তার করা হয় মিরপুর থেকে। আর কানিজ ফাতেমা (২৬) নামের আরেকজনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, তার নেতৃত্বে বুধবার রাতে ওই অভিযান চালানো হয়। “হাফিজুর রহমানই বিচারককে হুমকি দিয়ে চট্টগ্রাম আদালতে চিঠি পাঠিয়েছিলেন। তিনি ও তার স্ত্রী মিলে কানিজ ফাতেমাকে দিয়ে বিভিন্ন স্থানে টেলিফোনও করিয়েছেন।” ‘নেত্রকোণার জনগণ’ পরিচয় দিয়ে ঢাকা জিপিও থেকে ডাকযোগে পাঠানো ওই চিঠি গত ১৬ অক্টোবর সকালে হাতে পান চট্টগ্রাম আদালতের কর্মকর্তারা। ওই চিঠিতে বলা হয়, দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দোষী সাব্যস্ত হলে এ মামলার বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। চিঠির খামে মধ্যে এক টুকরো কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। মো. শহিদ মিয়া নামে পাঠানো ওই চিঠিতে ঠিকানা লেখা ছিল- সনি সুপার মার্কেট, মিরপুর-২, ঢাকা-১২১৬। গত ৩ অক্টোবর চিঠিটি পোস্ট করা হয়। ওই ঘটনায় চট্টগ্রাম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন আদালতের কর্মকর্তারা। অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমান বলেন, “হাফিজ নিজেকে একজন ওএসডি উপ সচিব বলে দাবি করেছেন। তবে তার ওই পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি।” এর আগে মিরপুরের প্রিন্স হোটেলের মালিককে কাফনের কাপড় পাঠিয়েও হাফিজ টাকা দাবি করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২২৪ ঘ.