গাজীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ে যানজট কমেছে বলে পুলিশ জানিয়েছে।
কয়েকটি ট্রাক বিকল হয়ে গত দু’দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট সৃষ্টি হলেও বৃহস্পতিবার ভোর থেকে চন্দ্রা এলাকা অনেকটা ফাঁকা রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার আব্দল বাতেন জানান, বৃহস্পতিবার ভোর থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, ভোগড়া বাইপাস, চান্দনা-চৌরাস্তা এলাকা অনেকটা যানজটমুক্ত রয়েছে। দুর্গাপূজা শেষ হওয়ায় এবং যানবাহনের চাপ কম থাকায় যানজটের ওইসব এলাকা ওই সময় অনেকটাই ফাঁকা ছিল।
তবে গার্মেন্টস ছুটি হলে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়তে থাকলে দুপুরে যানবাহনের সংখ্যা বেড়ে যানজট দেখা দিতে পারে বলে আশংকা করেছেন তিনি।
গাজীপুরে যানজট নিরসনে প্রায় ৮শ পুলিশ সদস্য কাজ করছে বলে তিনি জানান।
গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার পরিদর্শক সানোয়ার হোসেন জানান, রাতে কিছুটা যানজট থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে যানজট নেই বললেই চলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় এলাকায় সচল রয়েছে যানবাহন। কল-কারখানার শ্রমিকরা আগে থেকেই বাড়ি যেতে গাড়ি ভাড়া করে রাখায় তাদের গাড়ি সমস্যাও তেমন নেই বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২২৫ ঘ.
bdnews24