সাভার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিশ্রুতি অনুযায়ী ঈদ বোনাস ও বেতনের টাকা দিতে কেউ না আসায় বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের কারখানা কম্পাউন্ডে ব্যাপক ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকরা উপস্থিত হলেও শ্রমিক সংগঠনগুলোর কোনো প্রতিনিধি আসেনি। ফলে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে ঢুকে দরজা-জানালা ভাংচুর করে।
এছাড়া কারখানা চৌহদ্দির ভেতরে থাকা লাইটপোস্টের বাল্ব ও বিভিন্ন কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোও ভেঙে ফেলে তারা।
হল-মার্কের আন্দোলনরত শ্রমিকদের শান্ত করতে বুধবার কারখানা কম্পাউন্ডে কর্মীদের নিয়ে সমাবেশ করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠন।
ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার জানান, হলমার্ক শ্রমিকদের অগাস্ট মাসের অভারটাইম এবং চলতি মাসের বেতন ও ঈদ বোনাস বৃহস্পতিবার সকালে পরিশোধ করা হবে। বেতনের দাবিবে সহিংস না হওয়ার জন্যও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ছাড়াও জাতীয় গামের্ন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, বাংলাদেশ সংযুক্ত গামের্ন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মণ্ডল, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল গনি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক (লেবার) সাইফুল ইসলামও সমাবেশে উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতাদের ঘোষণা অনুযায়ী হল-মার্ক কর্মীরা সকাল ৮টায় কারখানা কম্পাউন্ডে এসে কাউকে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।
পরে শিল্প পুলিশ এসে শ্রমিকদের একটি অংশকে ধাওয়া করে কারাখানার বাইরে বের করে দেয়। তারপরও কয়েক হাজার শ্রমিক কারাখানার চৌহদ্দির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “ভাংচুর বা বিশৃঙ্খলা করবেন না। বাড়ি চলে যান। ঈদের পর আলোচনার মাধ্যমে আপনাদের বিষয়টি সমাধান করা হবে।”
কিন্তু এতে কাজ না হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয় পুলিশ। এরপর আন্দোলনরত শ্রমিকরা কারখানার বাইরে সড়কের পাশে অবস্থান নেয়।
এদিকে হল-মার্ক কারখানার নিরাপত্তার জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সাভার থানাকে আগেই চিঠি দিলেও ভেতরে ভেতরে লুটপাট চলার অভিযোগ এনেছেন শ্রমিকরা। জায়েদুল নামের এক শ্রমিক জানান, কারখানার ভেতর থেকে ৫ ট্রাক গরু বের করে নিয়ে যাওয়া হয়েছে।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এহসান বলেন, “আমিও বিষয়টি শুনেছি। তবে এটা সাভার থানা পুলিশের দেখার বিষয়।”
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান হল-মার্ক গ্রুপের জন্য ‘যথেষ্ট’ নিরাপত্তা দেয়া হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘গরু পাচারের’ বিষয়ে তিনি কিছু জানেন না।
শ্রমিকরা বলছেন, কারখানার ভেতরে বিভিন্ন কক্ষে থাকা কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতিও সরিয়ে নেয়া হয়েছে। তবে কারা তা সরিয়ে নিয়েছে- সে বিষয়ে কিছু বলতে পারেননি তারা।
সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে আড়াইশ কোটি টাকার বেশি অর্থ ঋণ নেয়ার অভিযোগে এ গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপক বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১১৫০ ঘ.
bdnews24