২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলার শতাধিক গ্রামে শুক্রবার ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পাঁচ জেলার শতাধিক গ্রামের বাসিন্দারা শুক্রবার ঈদ-উল-আজহা উদযাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:52 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে পাঁচ জেলার শতাধিক গ্রামের বাসিন্দারা শুক্রবার ঈদ-উল-আজহা উদযাপন করবেন। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে শনিবার ঈদ উল আজহা উদযাপিত হলেও এসব গ্রামের বিভিন্ন পীরের অনুসারীরা রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে। বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁদপুর: জেলার পাঁচটি উপজেলার ৪০টি গ্রামের বাসিন্দারা হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারী। সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই জানান, শুক্রবার সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যাহ। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর; ফরিদগঞ্জ উপজেলার বাসারা, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল¬া, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার আরো কয়েকটি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হবে। শরীয়তপুর: জেলার ৩০টি গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরাও শুক্রবার ঈদ উদযাপন করবেন। সুরেশ্বর পীরের দরবার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ বেলাল নুরী বলেন, শরীয়তপুর জেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, চন্দ্রপুর, ভুমখারা, ভোজেশ্বর; জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি; সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, দাসাত্বা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া; ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হবে। পটুয়াখালী: জেলার ২৫ গ্রামের ৩০ হাজার মুসুল্লি বদরপুর দরবার শরীফের অনুসারী। তারা বরাবরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করবেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মোহাম্মদ নাজমুস শাহাদৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা ঈদ ও কোরবানী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার তারা ঈদুল আযহা উদযাপন করবেন বলে জানান তিনি। তিনি জানান, সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ কলাপাড়া, গলাচিপা এবং বাউফল উপজেলার ২৫টি গ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। কলাপাড়া উপজেলার সংবাদকর্মী মেজবাহ উদ্দিন মাননু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির পীরের অনুসারী হিসাবে পরিচিত। ২৫ গ্রামের মধ্যে রয়েছে সদর উপজেলার বদরপুর, ছোট বিঘাই, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, বীরপাশা, কাটা বহরিয়া, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর। ভোলা: জেলার পাঁচ উপজেলার ছয়টি ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় তিন হাজার লোক শুক্রবার ঈদ উদযাপন করবেন। সুরেশ্বর পীর ও সাতকানিয়া পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারীরা পৃথকভাবে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় পালন করে। সুরেশ্বর দরবারের মুরিদ ও বোরহানউদ্দিনের বাসিন্দা মো. মজনু মিয়া জানান, শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামে তার বাড়ির সামনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে কয়েকশ মানুষ জামাতে শরীক হবেন। এছাড়া পর্যায়ক্রমে সকাল সাড়ে ৯টায় চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরগুনা: জেলার ৭ গ্রামের আড়াই হাজার মুসুল্লি শুক্রবার ঈদ উদযাপন করবে। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী ও আহমদিয়া স¤প্রদায়ের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৮টায় বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহ-সাবের বাড়ি ও কুকুয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব জামাতে সদর উপজেলার সদর ইউনিয়নের গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/সিএস/এইচএ/০০৪৩ ঘ.