২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পশুর দামে সন্তুষ্ট নন ক্রেতারা

পর্যাপ্ত আমদানি থাকলেও কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের; বিক্রেতারা দায়ী করেছেন পরিবহন খরচ এবং পশুখাদ্যের দাম বেড়ে যাওয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলী হাটে পর্যাপ্ত আমদানি থাকলেও অন্য বছরগুলোর তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি মনে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ এবং পশুখাদ্যের দাম বেশি হওয়ার তার প্রভাব পড়েছে পশুর দামে। ঈদুল আজহার তিন দিন আগে বুধবার সকালে হাট ঘুরে দেখা যায়, এবার ভারতীয় গরুর তুলনায় দেশি গরু বেশি। ক্রেতার সংখ্যা এবং বিক্রিও বেড়েছে। ঈদ করতে দেশে আসা মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবার ঈদের দুই দিন আগে যে গরু ৪৫ হাজার টাকায় কিনেছিলাম, এখন সেই আকারের একটি গরুর দাম চাওয়া হচ্ছে ৬০ হাজার টাকা।” দামের বিষয়ে ইউসুফের সঙ্গে সহমত পোষণ করে প্রকৌশলী এস এম মুনীরুল ইসলাম বলেন, “এবার দামটা বেশিই মনে হচ্ছে।” ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবারের তুলনায় বুধবার পশুর দাম বেশি। “গতকাল যে গরু ৬০ হাজার টাকা দেখে গেছি, আজ সেটাই চাচ্ছে ৭০ হাজার টাকা।” বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটে দেশি ছোট আকারের গরু ৩০ থেকে ৩৫ হাজার টাকা, মাঝারি ৬০ থেকে ৭০ হাজার এবং বড় গরু আকার ভেদে ২ থেকে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে। কুষ্টিয়ার গরু ব্যবসায়ী আফজাল হোসেন এবার ১৭টি ছোট আকারের গরু এনেছেন বিক্রির জন্য। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ছোট সাইজের গরুতে ২ মণ মাংস হয়। মাংসের দামই আসে ২৪ হাজার টাকা। কিন্তু খাদ্য আর পরিবহন খরচ দিয়ে আমরা ন্যায্য দামটা পাচ্ছি না।” বিক্রির জন্য ছয়টি নেপালি গুরু আনা সাতক্ষীরার ব্যবসায়ী আব্দুল মজিদ প্রতিটির দাম হাঁকছেন ২ লাখ ৭৫ হাজার টাকা। হাটে বড় আকারের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। এছাড়া রাজশাহী এবং পাবনা অঞ্চল থেকে ব্যবসায়ীদের আনা বড় আকারের রামছাগল ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাবনা থেকে ব্যবসায়ী নবীবর রহমান এক জোড়া রামছাগলের দাম হাঁকান ১ লাখ ২০ হাজার টাকা। এবারের হাটের অন্যতম আকর্ষণীয় পশু হচ্ছে ভারতের রাজস্থান থেকে আনা দুম্বা। ব্যবসায়ী আমজাদ হোসেনের আটটি দুম্বার মধ্যে পাঁচটি বিক্রি হয়েছে ২ থেকে আড়াই লাখ টাকার মধ্যে। দুম্বা নিয়ে ক্রেতাদের আলাদা আগ্রহের কথাও জানালেন তিনি। হাটের আরেক আকর্ষণ উট প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১২ লাখ টাকা করে। বেপারি সাহেব আলী বলেন, ১১টা উটের মধ্যে চারটি বিক্রি হয়েছে। এর মধ্যে একজোড়া ১২ লাখ, একটা সাড়ে ৫ লাখ আর একটা বিক্রি করেছেন ৫ লাখ ২০ হাজার টাকায়। এছাড়া মাঝারি আকারের মহিষও পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। নিরাপত্তা ও জালটাকা সনাক্তকরণ যন্ত্র বরাবরের মতো এবারো কোরবানির হাটকে ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গাবতলীর হাটের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত উপপরিদর্শক রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এবার পাশের নদীতে স্পিডবোট নামিয়েছি। আছে ১১টা ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা।” জাল টাকা সনাক্তে সোনালী ব্যাংকের বুথের পাশাপাশি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষেও তিনটি যন্ত্র বসানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রকিব বলেন, “আমাদের এই উদ্যোগে বিশেষ করে বেপারিরা খুব খুশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২১৪৫ ঘ.