২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে আলটিমেটাম

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধে মালিকদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শ্রমিকদের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধে মালিকদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শ্রমিকদের দুটি সংগঠন। বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেয়া হয়। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা না হলে সম্ভাব্য যেকোনো ‘বিশৃঙ্খল’ পরিস্থিতির জন্য বিকেএমইএ ও বিজেএমইএ দায়ী থাকবে বলেও মানববন্ধন থেকে শ্রমিক নেতারা সতর্ক করে দেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম গোলক, বিমল কান্তি দাস প্রমুখ। বক্তারা বলেন, নারায়ণগঞ্জের ৫০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠানে এখনও শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা না হলে তারা বিকেএমইএ ও বিজেএমইএ কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯১৫ ঘ.