পটুয়াখালী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সাংবাদিকদের ওপর রুষ্ট হয়ে তাদের ‘মোনাফেক’ আখ্যা দিলেন পটুয়াখালীর বাউফল এলাকার সংসদ সদস্য ও হুইপ আ স ম ফিরোজ।
মঙ্গলবার রাতে বাউফল কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনের সময় বক্তব্যে সাংবাদিকদের নিয়ে এই মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
সাবেক পৌর মেয়র জীবন কৃষ্ণ সাহাসহ প্রায় হাজার খানেক মানুষের উপস্থিতিতে বক্তব্যে সাংবাদিকদের ‘মোনাফেক’ আখ্যা দিয়ে ফিরোজ বলেন, “চারদলীয় জোট সরকারের সময় যে সব সাংবাদিকদের নিগৃহীত, অপমানিত ও অপদস্ত হয়েছিল, তাদেরকে ¯েœহ ও ভালোবাসা দিয়েছি আমি। অথচ তারা আমার সঙ্গে বেঈমানি করেছে।”
হুইপের এই মন্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এই বিষয়ে জানতে চাইলে আ স ম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কথা সবাইকে বলিনি আমি।”
“যারা আমার কাছ থেকে বউয়ের ও ভাইয়ের চাকরি এবং বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নিয়েছে, তাদের উদ্দেশ্যে ওই কথা বলেছি।”
“দীর্ঘ দিন যাদের লালন-পালন করেছি, সামান্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেই সব সম্পর্ক শেষ হয়ে যাবে?” বলেন হুইপ।
গত ২২ মে অনুষ্ঠিত বাউফল পৌরসভা নির্বাচনে হুইপ ফিরোজ সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হন। ওই সময় নির্বাচনী হুইপের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
ওই কারণেই সাংবাদিকদের ওপর রুষ্ট হয়ে হুইপ ওই মন্তব্য করেন বলে স্থানীয় সাংবাদিকরা মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24