নরসিংদী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিক তালহাদ আহমেদ কাবিদ (৩০) দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার শহর প্রতিনিধি ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের শালিধা মহল্লায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আতাউর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে ৩/৪ সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক কাবিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে ঢুকে পরপর চারটি গুলি করে। গুলি করেই সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
ওই সময় বিদ্যুৎ না থাকলেও ঘটনার ৫ মিনিটের বিদ্যুৎ চলে আসে বলে জানান তিনি।
গুরুতর আহত অবস্থায় সাংবাদিক কাবিদকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পূজার নিরাপত্তাসহ অন্যান্য কাজে খুবই ব্যস্ত। এর মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৩ ঘ.
bdnews24