গাজীপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সড়কের ওপর পশুর হাট না থাকলেও আশপাশের পশুর হাটই যানজটের কারণ বলে মনে করছে পুলিশ।
জেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশেই টঙ্গীর মন্নু গেইট, সালনা ও পোড়াবাড়ি, মাস্টার বাড়ি, ভোগড়া বাইপাসের পাশে নাওজোর এলাকায় বসেছে বিশাল পশুর হাট। ফলে সড়কের যানজট কমাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে পাশে হাট হওয়ায় পশুবাহী গাড়ি আনলোড ও পার্কিং করতে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। পশু নিয়ে ক্রেতারা সড়ক পার হওয়ার সময়ও সমস্যা হচ্ছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, মন্নু নগর এলাকায় কোরবানির পশুর হাটে পশুবাহী অতিরিক্ত ট্রাক, অন্যান্য গাড়ি ও মানুষের চাপ বেড়ে যাওয়ায় পাশের মহাসড়কে যানজট বেড়ে গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।
কোনাবাড়ি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন জানান, পোড়াবাড়ি বাজার ও মাস্টারবাড়ি এলাকায় গরু-ছাগলের হাট বসায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এর প্রভাব পড়েছে। এ মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গাজীপুরের যানজট নিরসনে দুটি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার থেকেই কালিয়াকৈর, ভোগড়া বাইপাস, চান্দনা-চৌরাস্তা, স্টেশন রোড, মীরের বাজার, সালনা রাজেন্দ্রপুরসহ মাওনা-চৌরাস্তা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৫ ঘ.
bdnews24