ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান রেখে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, “যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান রেখে আইন সংশোধন করা হলে তা হবে অসাংবিধানিক ও মানুষের মৌলিক অধিকার পরিপন্থী।
এর ফলে দেশের অর্থনীতি নিম্নমুখী হবে এবং বিনিয়োগ হ্রাস পাবে বলেও মনে করেন সাবেক এই আইনমন্ত্রী।
সোমবার কোম্পানি আইন (সংশোধন) অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে মন্ত্রিসভা নীতিগত সম্মতি দেয়ার পর এই প্রতিক্রিয়া জানাল বিএনপি।
জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদ স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ইতিমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতারা আইন সংশোধনের এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তাদের এক বৈঠক শেষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ সাংবাদিকদের বলেন, “সরকার চাইলে প্রচলিত আইনের অধীনেও প্রশাসক নিয়োগ করতে পারে। ডেসটিনি ২০০০ লিমিটেডের বিষয়টি মাথায় রেখে তড়িঘড়ি করে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া সরকারের ঠিক হচ্ছে না।”
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ এও মনে করেন, আওয়ামী লীগের লোকজনের জন্য ‘লুণ্ঠনের’ পথ আরো প্রশস্ত করতেই কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। কারণ, এই আইন সংশোধন করে তারা দলীয় লোকজন ও সমর্থিত কর্মকর্তাদের একটি কোম্পানিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।
কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিরোধিতা করে তিনি বলেন, একজন মানুষ ব্যবসা করতে কোম্পানি প্রতিষ্ঠা করবেন, আর সরকার সেখানে প্রশাসক নিয়োগ করে দেবে- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে কেউ আর কোম্পানি গঠন করবে না। এতে বেকারত্ব বাড়বে।
মওদুদ আরো বলেন, “হল-মার্ক ও ডেসনিটির অর্থ কেলেঙ্কারিকে সামনে রেখে এভাবে কোম্পানি আইন সংশোধনের কোনো যৌক্তিকতা নেই। ওই দুটি কোম্পানি জনগণের অর্থ লুণ্ঠন করেছে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের মদদেই।
“কোম্পানিতে প্রশাসক নিয়োগের পেছনে সরকারের উদ্দেশ্য একটাই- সবকিছু তাদের নিয়ন্ত্রণে আনা। ১৯৭২ সালে দেশের সব কল-কারখানা জাতীয়করণ করে আওয়ামী লীগের লোকজন তা দখল করেছিলো।”
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ভাষা সৈনিক আবদুল মতিন, রওশন আরা বাচ্চু, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বিএনপির সাবেক মহিলা সাংসদ হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল ইসলাম সোহাগ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/এইচএ/২০২৯ ঘ.
bdnews24