২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় বুধবার থেকে ট্র্রাক পারাপার বন্ধ

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে বুধবার থেকে তিন দিন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ট্রাক পারাপার বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

মানিকগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে বুধবার থেকে তিন দিন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশু ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে। মানিকগঞ্জ জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় ট্রাক পারাপার বন্ধের এ সিদ্ধান্ত হয়। “দুর্গাপূজা ও ঈদুল আযহা একই সময়ে হওয়ায় গত বছরের তুলনায় এবার ঈদের আগে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এর ফলে যানজট থেকে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে।” পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, ঘাট এলাকা চাঁদাবাজ, পকেটমার, ছিনতাইকারী ও হকারমুক্ত রাখতে পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঈদের তিনদিন আগে থেকে ঘাট এলাকায় ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, ঈদে যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১০টি রো-রো (বড়) ও চারটি কে-টাইপ (মাঝারী) ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে। এ ছাড়া এ নৌপথে যাত্রী পারাপার নিশ্চিত করতে ৩৭ টি লঞ্চ সচল থাকবে। বর্তমানে এ নৌপথে নয়টি রো-রো ও তিনটি কে-টাইপ ফেরি যানবাহন পারাপার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৩৫ ঘ.