ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির অধীনে নয়, বিরোধী দল বর্তমান সরকার পদ্ধতিতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। এ অবস্থায় বড় দুই দলকে রাজনৈতিক বিষয়ে একসঙ্গে বসানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। সংসদেই তার সমাধান হবে।
তবে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে শিগগিরই ‘রাজনৈতিক সমাধান’ আসবে বলেও আশা প্রকাশ করেন কাজী রকিব।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে টাঙ্গাইল-৩ আসনের উপ নির্বাচনের আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইসি। নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব মোহাম্মদ সাদিকও এ বৈঠকে অংশ নেন।
প্রধান বিরোধী দলের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “তারা (বিরোধী দল) বলছে, কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে তা আগে সিদ্ধান্ত হতে হবে। রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি, কোন পদ্ধতির অধীনে নির্বাচন হবে তা অতি শিগগির সম্পন্ন হবে।”
বর্তমান আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করায় আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি একটি ‘রাজনৈতিক’ সিদ্ধান্তের বিষয়- এমন মন্তব্য করে কাজী রকিব বলেন, “বড় দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়। কী ধরনের সরকার হবে, না হবে, কী পদ্ধতির সরকার থাকবে তা রাজনৈতিক বিষয়। দুই দলের মনোভাব আপনারা দেখেছেন। পার্লামেন্টে দুই দল, অন্যদের নিয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেবে।”
বিরোধী দল বিএনপির উপ নির্বাচন বর্জন করার বিষয়টিও রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন তিনি।
সিইসি আবারো জানান, নির্বাচনী বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একদিনেই সংলাপে বসবে কমিশন।
নিবন্ধনের আদেবনসীমা দুই মাস
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানান সিইসি।
যেসব অনিবন্ধিত দল দশম সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের ওই সময়ের মধ্যে শর্ত মেনে নিবন্ধনের আবেদন করার আহ্বান জানান তিনি।
বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, আগামী ২০ নভেম্বর অনুষ্ঠেয় টাঙ্গাইল-৩ উপ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ল্যাপটপ ও ক্যামেরা বসিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24