ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় জামিন পাননি কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও উখিয়া উপজেলার চেয়ারম্যান একেএম শাহজালাল চৌধুরী।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর না করে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরের দিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে।
আদালতে শাহজালাল চৌধুরীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।
দীপঙ্কর বৌদ্ধ বিহারে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে গত ২ অক্টোবর উখিয়া থানার এএসআই মো. ওমর ফারুক একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামী শাহজালাল চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর শাহজালাল চৌধুরীর নেতৃত্বে এক-দেড় হাজার লোক উখিয়ার পশ্চিম মরিচ্যা এলাকায় দীপঙ্কর বৌদ্ধ বিহারে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এতে ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া হামলাকারীরা মন্দিরের অনেক ছোট মূর্তি লুট করে নিয়ে যায়।
আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই মামলায় শাহজালাল চৌধুরী গত ১৪ অক্টোবর হাই কোর্টে জামিন আবেদন দাখিল করেন। শুনানি শেষে আদালত জামিন দিতে রাজি না হওয়ায় জামিনপ্রার্থীর আইনজীবীর আর্জিতে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।
তিনি আরো বলেন, এই আদেশের ফলে শাহজালাল চৌধুরী জামিন পেলেন না। তবে পরে অন্য আদালতে তিনি আবেদন করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৬৪৭ ঘ.
bdnews24