২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইট পরিচালনায় ‘অনিয়ম’ তদন্তে কমিটি

হজ ফ্লাইট পরিচালনা ও হাজযাত্রী পরিবহনে অনিয়মের অভিযোগ তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ ফ্লাইট পরিচালনা ও হাজযাত্রী পরিবহনে অনিয়মের অভিযোগ তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে এ কমিটিতে। ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির সদস্যদের। সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ হজ ফ্লাইট পরিদর্শন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় বিমানমন্ত্রী ফারুক খান এই কমিটি গঠনের কথা সাংবাদিকদের জানান। হজ ফ্লাইট পরিচালনা, হাজযাত্রী পরিবহন এবং হজ এজেন্সিগুলোর কর্মকা-ে কিছু অনিয়মের কথা স্বীকার করে তিনি বলেন, “অনিয়মগুলো তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” মন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট এক লাখ ১০ হাজার ৫৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমান ৫৪ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্স ৪২ হাজার ২০৬ জন এবং নাস এয়ার (ন্যাশনাল এয়ার সার্ভিস) ১৪ হাজার ১৭২ জনকে পরিবহন করেছে। ফারুক খান বলেন, হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ অক্টোবর থেকে হজযাত্রীদের জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২৯ নভেম্বর। বর্তমান বছরের অভিজ্ঞতা থেকে আগামী বছরে হজ প্রস্তুতি আরো সুষ্ঠুভাবে নেয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। বিমান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান ২০১১ সালে ২৫ হাজার ৪১৭ হজযাত্রী পরিবহন করে। এ সংখ্যা এ বছর বেড়ে ৫৪ হাজার ১৭৩ জনে উন্নীত হয়েছে। আগামী বছর বিমানের হজযাত্রী পরিবহন ক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি নিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬২৫ ঘ.