২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলায় ৫ নভেম্বর যুক্তিতর্ক

মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৫ নভেম্বর শুরু হবে যুক্তিতর্ক,এরপরই রায় হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা,অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হতে যাচ্ছে,আগামী ৫ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শুরু হবে,তার পরই হবে রায়। দুই বছর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জামায়াতের নায়েবে আমির সাঈদীর মামলারই সাক্ষ্যগ্রহণ সবার আগে শেষ হচ্ছে। সোমবার যুক্তিতর্কের জন্য এই দিন নির্ধারণ করে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার পর্যন্ত আসামি পক্ষের আরো সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে বলে জানিয়েছে; যদিও এর আগে ট্রাইব্যুনাল রোববারের পর সাঈদীর পক্ষের আর কোনো সাক্ষ্য নেয়া হবে না বলে আদেশ দিয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য স্থাপিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৮ অক্টোবর আসামি পক্ষকে রোববারের মধ্যে বাকি সাক্ষীদের আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই দিন শুধু আর একজন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির ছিলেন,যদিও আসামি পক্ষের আরো চার সাক্ষীর হাজির হতে বাকি আছে। ২০১১ সালের ৩ অক্টোবর ২০ ধরনের অপরাধের অভিযোগে সাঈদীকে অভিযুক্ত করে তার বিচার শুরু হয়। পিরোজপুরের পারেরহাট এবং এর আশপাশের এলাকায় খুন,ধর্ষণ,অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৪ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।এরপর ১৯ নভেম্বর থেকে সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য নেয়া শুরু হয়।তাদের সাক্ষ্যগ্রহণের পর শুরু হয় সাঈদীর পক্ষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ। ট্রাইব্যুনাল আসামি পক্ষের সাক্ষীদের ২১ অক্টোবরের মধ্যে হাজির করা সংক্রান্ত আসামি পক্ষের একটি আবেদনের বিষয়ে বক্তব্য শুনতে চাইলে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, আসামি পক্ষের সাক্ষীরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের নাম জমা দেয়ার আধা ঘণ্টার মধ্যে বিভিন্ন সংস্থার লোক তাদের বাড়িতে হানা দিয়েছে। সাক্ষী হাজির করতে আসামি পক্ষ ‘আন্তরিক’ হলেও নানা বিপত্তির কারণে সাক্ষীদের হাজির করতে সময় লাগছে। অন্যদিকে প্রসিকিউটার সৈয়দ হায়দার আলী বলেন, দীর্ঘদিন সময় নিলেও আসামি পক্ষ সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হয়েছে। “তারা হাজির করতে পারেনি এবং পারবেও না,” বলেন তিনি। এরপর ট্রাইব্যুনালের বিচারক বলেন, “বিচারের দৃষ্টিকোণ থেকে আগামীকালের মধ্যে আসামি পক্ষ সাক্ষীদের হাজির করতে পারলে তাদের সাক্ষ্য নেয়ার অনুমতি দেয়া হবে।” এ পর্যন্ত সাঈদীর পক্ষে ১৬ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের মোট ৪৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএই/এমআই/০০১৯ ঘ.