বরিশাল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ইসতিয়াক খান সৌরভ হত্যার দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এ কে এম সলিমউল্যাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন-রফিকুল ইসলাম শাকিল ও সরল চন্দ্র মিস্ত্রি।
এদের মধ্যে শাকিলকে ৩৫ বছরের দণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সরলকে তিন বছরের দণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালের ১১ নভেম্বর বিসিক শিল্প নগরীর রেস ফার্টিলাইজার কোম্পানির মালিক ইউসুফ খানের ছেলে সৌরভ নিখোঁজ হয়।
১৩ নভেম্বর বিসিক শিল্প নগরীর একটি পরিত্যক্ত প্লটের ডোবা থেকে সৌরভের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৬ নভেম্বর সৌরভের বাবা আটজনকে আসামি করে মামলা করেন।
পরে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮৩৮ ঘ.
bdnews24