২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ সাংবাদিকদের রিমান্ড শুনানি পিছিয়েছে

প্রায় আড়াই বছর আগে দায়ের করা পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় দৈনিক আমার দেশের সাংবাদিকদের বিরুদ্ধে হেফাজতের আবেদনের শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই বছর আগে দায়ের করা পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় দৈনিক আমার দেশের সাংবাদিকদের বিরুদ্ধে হেফাজতের আবেদনের শুনানি হয়নি। সোমবার এই শুনানি হওয়ার কথা থাকলেও মামলার অন্যতম আসামি ওই পত্রিকার সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরীর পক্ষে সময় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি পিছিয়ে আগামী ৩ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করে দেন। আসামি পক্ষের আইনজীবী বেলাল হোসেন জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সঞ্জীব চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আদালতে হাজির থাকতে পারেননি। ২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে পরের দিন একটি মামলা দায়ের করে তেজগাঁও থানা পুলিশ। মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ছাড়াও পাঁচ সাংবাদিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকশজনকে আসামি করা হয়। রোববার আদালতে পাঁচ সাংবাদিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক অপূর্ব হাসান। তারা হলেন- পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পরপরই এজহারভুক্ত আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তারা সবাই আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন।” স্থায়ী জামিনে থাকা অবস্থায় রিমান্ড চাওয়ার ঘটনায় আসামি পক্ষের আইনজীবীরা বিস্ময় প্রকাশ করেন। আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন নামায় ওই পাঁচজনের স্থায়ী ঠিকানা উল্লেখ না থাকায় তাদের কাছ থেকে স্থায়ী ঠিকানা উদ্ধারের জন্য এই হেফাজত চাওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৫১ ঘ.