ঢাকা, অক্টোবর ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য কমিটি গঠনের বিধিতে ‘অস্পষ্টতা’ দূর করতে আইন সংশোধন হয়েছে।
গত ১৫ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারবিরোধী আইনজীবীদের বিরোধিতার মধ্যে সোমবার রাষ্ট্রপতি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ অধ্যাদেশ জারি করেন।
অধ্যাদেশ জারি হওয়ায় জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসাবে নিয়োগ দেয়া যাবে। আগের আইনে এ বিষয়টি স্পষ্ট ছিল না।
এছাড়া আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে সংশোধিত আইনে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।
এছাড়া হাইকোর্টের দুইজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য এনরোলমেন্ট কমিটির সদস্য হিসাবে থাকবেন।
এর মধ্যে হাইকোর্টের দুই বিচারককেও প্রধান বিচারপতি মনোনীত করবেন। বার কাউন্সিলের সভাপতি হিসাবে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই কমিটিতে আসবেন। এছাড়া তিনি বার কাউন্সিল অন্য একজন সদস্যকে এনরোলমেন্ট কমিটির জন্য মনোনীত করবেন।
আগের আইনে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা তিনজন। এদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের মনোনীত সদস্য।
এনরোলমেন্ট কমিটিকে আরো ‘শক্তিশালী’ করতেই আইন সংশোধন করা হয়েছে বলে সরকারের পক্ষ তেকে বলা হয়েছে।
তবে বারকাউন্সিলের ভাইস চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেনসহ সরকারবিরোধী আইনজীবীরা এই কমিটিতে বিচারকের সংখ্যা বেশি হওয়ায় তার সমালোচনা করে আসছেন।
নতুন আইনে বার কাউন্সিলকে নিজস্ব প্রয়োজনে বিধি প্রণয়নের ক্ষমতাও দেয়া হয়েছে। তবে এজন্য তাদের আগে সরকারের অনুমোদন নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24