সাতক্ষীরায় সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
জমিজমা নিয়ে কলহের জেরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বৃদ্ধা সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে কলহের জেরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বৃদ্ধা সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে বলিয়ানপুর গ্রামে এ হামলায় নিহত সোবিরন বিবি (৭৫) এলাকার প্রয়াত আব্দুল করিম শেখের স্ত্রী।
এ সময় ওই বৃদ্ধার ছেলে আব্দুল করিম (৪৫) আহত হয়েছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি মোশারফ হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল করিমের মায়ের সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন বিরোধ ধরে চলে আসছিল।
এর জেরে মঙ্গলবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল করিমের সৎ ভাইয়েরা লাঠিসোটা নিয়ে তাকে মারপিট করতে থাকে। এ সময় তার মা সোবরিন বিবি এগিয়ে গেলে তাকেও মারপিট করে তারা।
রাতে কলারোয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সোবিরন বিবির মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মাজেদ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৭ ঘ.
