২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ে ‘অবরুদ্ধ’ নেতারা

১৮ দলীয় জোটের ডাকা হরতালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ বেষ্টনীর মধ্যে অবরুদ্ধ আছেন বিএনপি নেতা-কর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 07:04 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

১৮ দলীয় জোটের ডাকা হরতালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ বেষ্টনীর মধ্যে অবরুদ্ধ আছেন বিএনপি নেতা-কর্মীরা। 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, “পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কাউকে আসতে দিচ্ছে না। এটা সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদ আচরণে বর্হিপ্রকাশ।” 

“কার্যালয়ের কর্মীরা আসতে গেলে পুলিশ পাকড়াও করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। অফিস থেকে কাউকে বের হতেও দেয়া হচ্ছে না।” 

কিছু নেতা-কর্মী প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন। 

রিজভী বলেন, “সারাদেশ থেকে খবর আসছে, বিভিন্ন জেলা অসংখ্য নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।” 

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথ অবরোধে বাধা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। 

দলীয় কার্যালয়ে ভেতরে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, দলীয় সাংসদ হারুন অর রশিদ, সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল প্রমুখ নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক কর্মী অবস্থান করছেন। 

বিরোধী দলের প্রধান হুইপ ফারুক বলেন, “পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখে বিরোধী দলের আন্দোলনে দাবিয়ে রাখা যাবে না। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ নেতাদের মুক্তি না দিলে আন্দোলন আরো তীব্রতর করা হবে।” 

ভোর থেকে পুলিশ ও র্যা ব সদস্যরা নয়া পল্টনের কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রাখে। সকাল ১০ টা পর্যন্ত পুলিশ প্রধান ফটকের সামনে ছিল। পরে তারা কিছুটা সরে ফটক ঘিরে রেখেছে। 

র্যা ব সদস্যরা কার্যালয়ে বিপরীত দিকে সারিবদ্ধভাবে অবস্থান করছে। 

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষিপ্তভাবে রিকশা চলছে। তবে দোকান-পাট ও বিপনীবিতানগুলো বন্ধ রয়েছে। 

সকালের দিকে নয়া পল্টন সড়কে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় এবং জোনাকি সিনেমা হলে কাছে দু’টি ককটেল বিস্ফোরিত হয়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১১৩২ ঘ.