বিএনপির ১১শ’ নেতাকর্মী আসামি, আটক ৮
বিএনপির নেতৃত্বে অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশকে আহত করার ঘটনায় সিরাজগঞ্জে পাঁচটি মামলা হয়েছে।
বিএনপির নেতৃত্বে অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশকে আহত করার ঘটনায় সিরাজগঞ্জে পাঁচটি মামলা হয়েছে।
চার থানায় করা এ মামলাগুলোতে বিএনপির অন্তত ১১শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।
তিনটি মামলা করেছে পুলিশ এবং দুইটি করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
এসব মামলায় আট জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড়ে অবরোধ চলাকালে বিভিন্ন যানবাহন ভাংচুর, বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪/৫শ’ বিএনপি ও জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক ছাত্রদলকর্মী শহরের হোসেনপুর মহল্লার সোহেল রানা (২৬) ও শাহিনকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি ভাংচুর ও পুলিশকে আহত করার অভিযোগে থানায় দুইটি মামলা হয়েছে।
পুলিশের করা এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২/৩শ’ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক যুবদলকর্মী শহরের মিরপুর মহল্লার মেহেদী হাসান উজ্জ্বলকে (৩০) গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এছাড়া মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে সদর উপজেলার ধলডব গ্রামের হুমায়ুন কবীর বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ মামলায় বাগবাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা শামীমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া বিএনপিকর্মী তাজউদ্দিন (৪০) ও ইনছাব আলীকে (৩৯) গ্রেপ্তার দেখানো হয়েছে।
এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান ভাংচুরের ঘটনায় এক ব্যবসায়ী বাদী হয়ে ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ ঘটনায় বিএনপিকর্মী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, অবরোধ চলাকালে সংঘর্ষে নিহত জামায়াত নেতা ওয়ারেজ আলীর লাশ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে, বলেন তিনি।
তাড়াশ থানার ওসি আতাাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানবাহন ভাংচুরের অভিযোগে আটক বিএনপিকর্মী নজরুল ইসলাম ও রন্টু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
